দিদার এলাহী সাজু বাহুবল উপজেলার মধুপুর পাহাড় এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে মধুপুর পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
অভিযানকালে অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, পাহাড় কেটে মাটি বিক্রির মাধ্যমে পরিবেশের ক্ষতি এবং ভূমির স্বাভাবিক গঠন বিনষ্ট হওয়ার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, পরিবেশ ও পাহাড় রক্ষায় অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
হবিগঞ্জ ট্রিবিউন ডেস্ক 











